শুদ্ধস্বর রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এবার মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। আগে ছিল ২৫ হাজার টাকা। মঙ্গলবার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়েও সব প্রস্তুতি নেয়া হয়েছে। তফশিল ঘোষণার পর দিন থেকে আমাদের মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার তফশিল হলে শুক্রবার সকাল থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি করব। এবার মনোনয়ন ফরমের দাম ২৫ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজনীতির মাঠে প্রধান বিরোধী জোট বিএনপিকে নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি জানায়।
কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু না জানালেও আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। তবে সব রাজনৈতিক দল এক হলে নির্বাচন পেছানো যেতে পারে।

