মাথা উঁচু এবং লিখিত সংলাপ

নির্বাচনী আকাশের অনেক কালো মেঘ সড়ে গেছে। এখন শুধু কিছু গুরগুর মেঘের ডাক আছে, তাছাড়া মোটামুটি সবকিছু ভালোভাবেই এগুচ্ছে বলে মনে হচ্ছে। আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহণ করছে যা দেশের জন্য মঙ্গল জনক। আমাদের মত সাধারন জনগনের একটি ভালো নির্বাচন পাবার আশা ছাড়া তেমন কোনো বড় আশা আর নাই। কেননা, যেই নির্বাচনে জয়ী হয়ে আসুক, দেশ শাসনের তরিকা খুব যে বেশি পার্থক্য হয় এমনটি মোটেও নয়। দুই বড়দল সহ সামরিক জান্তাদের শাসন আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। কার চেয়ে যে কে ভালো, তা নিক্তিতে মেপেও খুব বেশি পার্থক্য করা মুশকিল । তাই ভালো নির্বাচনের মধ্যে দিয়ে যেই ক্ষমতায় আসুক, আমরা আম জনতা তা সাদরেই গ্রহণ করবো।

এবার বলি একটু লিখিত সংলাপের বিষয়ে।  জানি সময় খুব কম। তারপরেও দেশের স্বার্থে, সর্বোপরি আপনাদের নিজেদের ( বড় দুই দল) স্বার্থেই আরো একটি ছোট্ট সংলাপ করুণ। সেই সময়টুকু নিশ্চয়ই নির্বাচনের আগে বের করতে পারবেন। আর সেই সংলাপের মূল এজেন্ডা করুণ ,

“ভবিষ্যতে যেই ক্ষমতায় আসবে, কেউ আর হিংসাত্বক রাজনীতি করবেন না। একে অপরকে আর পিশিয়ে মেরে ফেলবার চেষ্টা করবেন না বা ধ্বংসাত্মক রাজনীতি করবেন না ” ।

এই বিষয়টি আপনারা লিখিত আকাড়ে দলের প্রধান এবং সকল উচ্চমার্গের রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা সাক্ষর করিয়ে, সাধারণ জনগণের জন্যেও পত্র-পত্রিকায় প্রকাশ করে দিন এবং তাওবা কাঁটুন। এতে আপনাদেরই বেশি লাভ হবে সাধারণ জনগণের চেয়ে। লক্ষ্য করুণ ১৫/২১ সে আগস্ট করেও যেমন আওয়ামী লীগ কে শেষ করে দেওয়া যায় নি। ঠিক তার বিপরীতে গত দশ বছরে শত চেষ্টা করেও বিএনপিকেও ধ্বংস করে দেওয়া যায় নি, এমন কি ভাঙাও যায় নি।

দেশ দশ বছর শাসন করার পরেও যখন দলে জেনারেল সেক্রেটারি কে বলতে হয় ” টাকা পয়সা নিয়ে ভাগতে পারবে না বা এক লক্ষ লোকের লাশ পরবে!” অথবা অন্যদিকের জনেরা বলে, বিডিআর এর ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা বা শত শত মানুষকে গুম বা খুন, এগুলোর হিসেব হবে। তাহলে বুঝাই যায় নির্বাচনের পরে যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, আবার না সেই সংঘাতের রাজনীতি বিরাজ করে । মোদ্দা কথা আপনাদের বড় দুই দলের একটা ভবিষ্যতে ভালো রাজনীতি করার জন্য এবং দেশের মঙ্গলের জন্য একটি সমঝোতা বিশেষভাবে প্রয়োজন । তাই ছোট্ট আরো একটি সংলাপ করে আপনাদের স্বার্থেই একটি “লিখিত চুক্তি “ সমাধান নির্বাচনের আগেই করুণ। এতে আপনাদের সাথে দেশের মানুষেরও বিরাটকায় উপকার হবে এবং দেশও শান্তিতে থাকবে।

এবার আসি উঁচু মাথার কথায় । সকলেরই মনে থাকার কথা যে এই দেশ স্বাধীন হওয়ার পরে কেবলমাত্র একবারই সুন্দর এবং গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে( ২০০১)। আর সেই কাজটি করেছিলেন বা করতে পেরেছিলেন বর্তমান “প্রধানমন্ত্রী শেখ হাসিনা” । এইবার আবার ওনার অধিনেই নির্বাচন হতে যাচ্ছে। এটাও অত্যন্ত দুঃখজনক যে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অব্দি কোনো দলিয় সরকারের হাতে সুষ্ঠু নির্বাচন হয় নি! যেহেতু আবার দলিয় সরকারের অধীনস্থ নির্বাচন হতে যাচ্ছে, আপনার আবার একটি সুযোগ তৈরি হয়েছে, একটি শতভাগ সুষ্ঠু নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখাবার। সকলের নেগেটিভ চিন্তা ভাবনা কে ধূলিসাত্ করে একটি শতভাগ সুষ্ঠু নির্বাচন দিয়ে মাথা উঁচু করে নিজে এবং জাতিকে সাম্মানিত করুণ। এই কাজটি আপনার দ্বারা নিশ্চিত সম্ভব । আমি মনে করি আপনি চাইলেই সেটা করতে পারেন। যে যত কথাই বলুক, একটি সুষ্ঠু নির্বাচন আপনাকে এবং আওয়ামী লীগ কে অনেক উঁচুতে নিয়ে যাবে এবং এতে করে ভবিষ্যতে আপনার সামনে কেউ নির্বাচন নিয়ে বড় গলায় উচ্চবাচ্য করতে পারবে না ।

শেষে শুধু বলবো একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনে সবাই নিজের ভোট নিজে দিতে পারুক। সাধারণ জনগণ ভোটের বাজারে , “রেল লাইনে দেহ দিক বা মাথা সহ দেহ দিক ”  সিদ্ধান্ত তাদেরকেই নিতে দিন।

20181016_111202

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক,শুদ্ধস্বর ডটকম 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.