ভোটে যাচ্ছে ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট

ভোটে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। নতুন এই রাজনৈতিক জোট ভোটে যাওয়াকে আন্দোলনের অংশ বলে উল্লেখ করেছে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোটে যাওয়ার ঘোষণা দেন ঐক্যফ্রন্ট নেতারা। অবশ্য ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তফসিল পেছানোর দাবি জানিয়েছে ওই জোট। তারা বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে।

বিএনপি, গণফোরাম, জাসদ (জেএসডি), নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সেখানে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তাঁরা সরকার ও নির্বাচন কমিশনের দিকে কড়া নজর রাখবে।

এদিকে ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার ১৫ মিনিট আগে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও ভোটে যাওয়ার ঘোষণা দেন। সেখানে ভোটে যাওয়ার ঘোষণা দেন ২০-দলীয় জোটের নেতা এলডিপির সভাপতি অলি আহমদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এখন দুটি রাজনৈতিক জোটে আছে। এর একটি হলো জাতীয় ঐক্যফ্রন্ট আর অন্যটি ২০-দলীয় জোট।

আজ দুই জোটই পাশাপাশি সময় ভোটে যাওয়ার ঘোষণা দিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.