‘বে‌শি খু‌লে বলা যা‌বে না’

যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন, আমরা আসন্ন নির্বাচনে আসছি, এটা নিশ্চিত।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘ক্ষমতাসীন জোটের সঙ্গে মিলে নির্বাচন করা অসম্ভব কিছু নয়। আজ এটুকুই বল‌ছি। আনুষ্ঠা‌নিকতার আগে এর চেয়ে বে‌শি খু‌লে বলা যা‌বে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হলো, কথা হলো। খুব শিগগিরই আনুষ্ঠা‌নিক আলোচনা শুরু হবে। যুক্তফ্রন্ট এবং ১৪ দলীয় জোট কিভাবে সব কিছুর সমন্বয় করবে, তা নিয়ে আনুষ্ঠা‌নিক আলোচনা হবে। তারই প্র‌ক্রিয়া আজ‌ থে‌কে শুরু হলো।’

ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক প্রস‌ঙ্গে বিকল্পধারার এই নেতা ব‌লেন, ‘বিগত বেশ ক‌য়েক‌ দিন ধ‌রে আমা‌দের দ‌লের মহাস‌চিব আব্দুল মান্নান এবং ওবায়দুল কা‌দের কথা বলছেন। তারই অগ্রগতি নিয়ে আজ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে যে শ‌ক্তি ষড়যন্ত্র ক‌রছে, তাদের মোকাবেলায় কীভাবে দেশপ্রে‌মিক শক্তিগুলোকে একত্রিত করে এক‌টি সুন্দর ও অংশগ্রহণমূলক এবং বাংলাদেশের মানুষের বিজয় অর্জিত হয়, তাসহ সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা করেছি।’

বিএনপি, ঐক্যফ্রন্ট ছেড়ে সবশেষে এখানে। কেন আওয়ামী লীগের জোটে আসতে চাইছেন— এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘বিকল্পধারা জ‌ন্মের পর থে‌কে না আ‌ওয়ামী লী‌গ, না বিএনপির বিরু‌দ্ধে রাজনী‌তি করেছে। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সঙ্গে ব‌সেছিলাম, আলোচনা করেছি, খোলা মনে। আমরা আশা ক‌রে‌ছিলাম, জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামায়াত‌কে ছু‌ড়ে ফে‌লবে। কিন্তু, তা‌দের আত্মা এক হয়ে গেছে, এটা যেমন তা‌দের জন্য, বাংলা‌দে‌শের জন্যও দুঃখজনক। ফলে আমরা আর তাদের সঙ্গে থাকার যৌক্তিকতা পাইনি।’

এর আগে দুপুর ১টার দিকে মেজর (অব.) আব্দুল মান্নান ও মাহী বি. চৌধুরী আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, জকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ইকবাল হোসেন অপু উপস্থিত ছিলেন।

এ সময় তারা আওয়ামী জোটে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেন।

সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ ও ১৪ দল নৌকা প্রতীকে নির্বাচন করবে। জোটে থাকলেও জাতীয় পার্টি তাদের প্রতীকে নির্বাচন করবে।

যুক্তফ্রন্টও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে তারাও তাদের প্রতীকে নির্বাচন করবে বলেও জানান তিনি।

এর আগে যুক্তফ্রন্ট নেতা বি. চৌধুরী ড. কামালের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি ওই জোট থেকে বেরিয়ে আসেন। এরপরই সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.