জাতীয় সংসদ নির্বাচনের ফরম কেনার যে হিড়িক পরেছে তার থেকে মনে মনে হচ্ছে রাজনীতির বন্ধ জানালা খুলতে শুরু করেছে , ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি ভয়ের চাঁদরে ঢাকা ছিল। মানুষ কথা বলতে ভয় পাচ্ছিলো, বাসে আগুন তার ফলশ্রুতি হিসাবে ব্যাপক ধরপাকড় গুম খুন ছিল এই ভয়ের অন্যতম কারন , দেশের প্রধান বিরোধী দলের হটকারি আন্দোলনের কারনে দেশে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো । ২০১৬ সাল থেকে বি এন পি সরকারের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করে অনেকবার আলোচনা করতে চেয়েছে, কিন্তু সরকার তাতে রাজী হয়নি, বি এন পি ২০ দলীয় রাজনীতির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল, কি করবে কোন পরিস্থিতিতে তা বুঝে উঠতে পারছিল না , অপর দিকে সরকার শক্ত অবস্থানে ছিল , উন্নয়নের শ্লোগান নিয়ে বেশ শান্তিপূর্ণ ভাবেই পার করেছে গত কয়েক বছর, বি এন পি ও তিন বছর কোন আন্দোলন সংগ্রামে যায়নি , তারপর ও ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে , গ্রেফতার ছিল খুবই স্বাভাবিক । সরকারী বাহিনী খুব চাপের মুখে রেখেছিলো বি এন পি কে , সম্প্রতি হঠাৎ করে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন , ডক্টর কামাল হোসেনের নেতা মেনে নিয়ে ঐক্য ফ্রন্ট যোগ দিয়ে বি এন পি চমক সৃষ্টি করে এবং নতুন ধারার রাজনীতি শুরু করে ডান পন্থা পরিহার করে মধ্য পন্থা অবলম্বন করে । খালেদা জিয়ার অনুপস্থিতি কিছুটা হলেও কামাল হোসেনকে দিয়ে পূরণ করে । সম্প্রতি আওয়ামীলীগ এবং বি এন পি র মনোনয়ন প্রত্যাশীদের ভীর প্রমান করে এখনও এই দুটি দলই রাজনীতির নিয়ামক, এই দুটি দলকে ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি । এই দুইটি দলের বাইরে যারা এতদিন ছিলেন তারাও নির্বাচনকে ঘিরে এই দুটি দলের ছাতার নীচে আশ্রয় নিয়েছেন । কারন জিততে হলে মার্কার বিকল্প নেই । এটা রাজনীতির জন্য অশুভ নয় যদি এই দুটি দল ভালো মানুষদের মনোনয়ন দেয় , তা হলে হয়তো রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে পারে । আমরা আশা করবো বৃহৎ দুইটি দলে ইতিবাচক রাজনীতির ধারা প্রবাহিত হোক তা হলে হয়তো দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে ,এবং শুধু রাজনীতি নয় গণতন্ত্রের জানালাও খুলে যেতে পারে ।
হাবিব বাবুল, প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডট কম ।

