তফসিল ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করবে: বাম জোট

প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক সাইফুল হক।  জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা উল্লেখ করেন। সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচনকেন্দ্রীক সংকটের সমাধান ছাড়া এবং সংলাপের সমগ্র প্রক্রিয়া শেষ না হতেই, নির্বাচনের এমন তফসিল ঘোষণা দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। যা গোটা নির্বাচনী পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। তিনি বলেন, বাম গণতান্ত্রিক জোটসহ বিরোধীদলীয় জোটসমূহের পক্ষ থেকে তফসিল ঘোষণা পিছিয়ে দেবার দাবিকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা, নির্বাচনকে কেন্দ্র করে সরকারি ছকেরই অনুসরণ হিসাবে প্রতীয়মান হয়েছে। তিনি বলেন, সরকারি দল ও জোটের বাইরে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বিরোধী রাজনৈতিক দলসমূহ। তাদের অবস্থান ও মতামতকে বিবেচনায় না নিয়ে একতরফাভাবে তফসিল ঘোষণা, নির্বাচন কমিশনের সরকার অনুগত ভূমিকাকে আরো একবার প্রমাণ করল। তিনি বলেন, যেহেতু তফসিল পিছিয়ে দেবার সুযোগ রয়েছে, সে কারণে চলমান রাজনৈতিক সমঝোতা উদ্যোগ সমাপ্ত না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখার দাবি জানাচ্ছে বাম জোট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.