নির্বাচনের প্রস্তুতির মধ্যে এইচ এম এরশাদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ানোর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান অসুস্থ এবং তাকে বিদেশে পাঠানো হতে পারে।
মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজের মনোনয়নপত্র দাখিলের পর ফেনীতে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জাতীয় পার্টির মনোনয়নের চিঠি বিতরণের মধ্যে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন দলটির চেয়ারম্যান এরশাদ। তবে তার অসুস্থতা নিয়ে দলের কোনো নেতা মুখ খোলেননি।
ওবায়দুল কাদের বলেন, এরশাদ ‘রাজনৈতিকভাবে অসুস্থ নয়, সত্যিকারভাবেই তিনি অসুস্থ’। তাকে দুই-এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে।

