সাত দফা দাবি আদায়ের আন্দোলন এবং একাদশ জাতীয় নির্বাচনের প্রস্ততি এক সঙ্গে চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
রোববার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের তিন তলার নতুন হলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এক কথা জানান।
ড. কামাল হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে জাতির সামনে বলিষ্ঠ ভূমিকার রাখবে জাতীয় ঐক্যফ্রন্ট। জনগণ আজকে ঐক্যবদ্ধ। জনগণ আজকে পরিবর্তন চায়। আইনের শাসন, সংবিধানের মৌলিক অধিকার ও মূল্যবোধ থেকে এই ঐক্য গঠন করা হয়েছে।’
সাত দফা দাবি আদায় না হলে জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
প্রবীন এই আইনজীবী বলেন, ‘আমাদের ইতিহাসে দেখা গেছে, জনগণ যখনই ঐক্যবদব্ধ হয়েছে, তখনই আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।’
সংবাদ সম্মেলনে কামাল হোসেনের পক্ষে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোঘণা দেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া নির্বাচন এক মাস পেছানোর দাবিও করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মো. মুনসুর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হাবীবুর রহমান হাবীব, জগলুল হায়দারী আফ্রিক, আবদুল মালেক প্রমুখ।
এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনও উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বিএনপি ও তাদের শরিকদের মধ্যে।
গতকাল শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। কাছাকাছি সময়ে অপর একটি কক্ষে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গেও বৈঠক হয়। এ ছাড়া বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট।

