শুদ্ধস্বর রিপোর্ট ।
বিএনপিকে নিয়ে গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে সংলাপের বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফোনের বিষয়টি নিশ্চিত করে মোস্তফা মহসিন মন্টু বলেন, ওবায়দুল কাদের ফোন করে সংলাপের জন্য গণভবনে নৈশভোজের দাওয়াত দিয়েছেন।
তবে সংলাপ কবে হবে, তা ঠিক হয়নি। মঙ্গলবার বা বুধবার সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্টু।
মন্টু বলেন, ঐক্যফ্রন্ট থেকে সংলাপে কতজন অংশ নেবেন তা জানতে চান ওবায়দুল কাদের। জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা জানানো হয়েছে।
এর আগে সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।তবে সংলাপ কবে ও কোথায় হবে, তা বিস্তারিত জানাননি তিনি।
তার আগে সংলাপের আহ্বান জানিয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সম্বলিত চিঠিটি হস্তান্তর করা হয়। চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

