উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও নাবিকসহ একটি ফেরি উল্টে যাওয়ায় অন্তত সাতজন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়েছেন। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন ফেরিটি দুপুর ১২টা ৩০ মিনিটে কাইরেনিয়া বন্দর থেকে যাত্রা শুরু করে এবং অজানা কারণে সঙ্গে সঙ্গেই এতে পানি ঢুকতে শুরু করে। এটি পূর্ব ভূমধ্যসাগরের মেরসিন প্রদেশের তুরস্কের তাসুচু বন্দরের দিকে যাচ্ছিল।
স্থানীয় ও পর্যটক উভয়ের কাছে জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র কাইরেনিয়ার উপকূলের ঠিক কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত ফেরিটি ছিল ক্যাটামারান শ্রেণির। এটি উত্তর সাইপ্রাসকে তুরস্কের সাথে প্রতিদিন সংযোগকারী বেশ কয়েকটি শাটল সামুদ্রিক পরিষেবার মধ্যে একটি ছিল।
তুর্কি সাইপ্রিয়ট নেতা তুফান এরহুরমান বলেছেন, ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, সাতজন মারা গেছেন এবং ২৩ জনের সন্ধান এখনো চলছে।
তিনি বলেন, “আমরা ২৩৭ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে, আমরা সাতজনের মৃতদেহও উদ্ধার করেছি যারা প্রাণ হারিয়েছেন। আমরা এতে গভীরভাবে শোকাহত।”
ভিডিও ফুটেজে দেখা যায়, লাল লাইফ জ্যাকেট পরা লোকজন উল্টে যাওয়া জাহাজটির উপরে বসে বা দাঁড়িয়ে আছেন এবং কর্তৃপক্ষ তাদের তীরে আনার জন্য কোস্টগার্ড ও ব্যক্তিগত নৌযানের সাহায্য চাইছে।

