রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভাসছে রাজধানী ঢাকা

টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকা কার্যত পানির নগরীতে পরিণত হয়েছে।  রেকর্ড ১৭৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর সড়ক, অলিগলি, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলো তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় একদিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে ঢাকা বিভাগও। ফলে রাজধানীসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মানিকগঞ্জের আরিচা-শিবালয়ে, যেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা, সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৬০ মিলিমিটার। এছাড়া কক্সবাজারের টেকনাফে ১৫৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আমবাগান (পাহাড়তলী) এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে কক্সবাজারে ১১৩ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার, কুতুবদিয়ায় ১১০ মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে ৮৩ মিলিমিটার, মাদারীপুরে ৮১ মিলিমিটার, খুলনায় ৭৫ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামীকাল সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার( ১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.