জুলাই শহীদদের স্মরণসভা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি উপস্থিত হন।

সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “রক্তাক্ত জুলাই বিপ্লব স্মরণে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শহীদদের স্মরণেই এ অনুষ্ঠান।”

এই সম্মেলনের মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চে ব্যানারে লেখা আছে, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা ৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত আছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে শহীদদের জন্য মোনাজাত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.