সন্ত্রাসীদের রুখতে যা যা করা দরকার, সব করা হবে : এসপি মাসুদ

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, সন্ত্রাসীদের সাম্রাজ্য হাত ছাড়া হয়ে যাচ্ছে। তাই তারা ঝাঁকুনি দেবে এটাই স্বাভাবিক। তাদের এটা করতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের রুখতে যা যা করা দরকার সব করা হবে।
সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরে হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রোববার দিবাগত রাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসী ইয়াসিন বাহিনী। সোমবার ভোর থেকে যৌথবাহিনীর বড় একটি দল সেখানে অভিযান শুরু করে। সন্ত্রাসীরা সলিমপুরে প্রবেশ করার কয়েকটি পথ কেটে দিয়েছে। তবে সোমবার সকাল সাড়ে ১০টায় সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, যৌথবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে চালানো হচ্ছে অভিযান।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে অভিযান চালিয়ে ক্যাম্পের চারপাশে প্রবেশ করে যৌথবাহিনী। কোনো ধরনের বাধা ছাড়াই চলছে অভিযান। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করা হয়নি। হামলার ঘটনায় স্থানীয়রা আতঙ্কের মধ্যে আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রসঙ্গত, গত ৯ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গল সলিমপুর এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং বর্তমানে র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের এই অভিযানে তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ওই সময় এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও র‍্যাবের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল।
সেখানে অন্তত ৩০ বছর ধরে একটি চক্র সরকারি নিয়মকানুন উপেক্ষা করে দখল করে আছে বিশাল এলাকা। অবৈধভাবে জমির কাগজ তৈরি, জমি দখল ও হস্তান্তরের কার্যক্রম চালিয়ে আসছিল। দখলবাজদের তৎপরতায় সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় প্রবেশ করতে পারেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.