ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে হরমুজ কাঁটায় বিদ্ধ আমেরিকা। গোটা বিশ্বের প্রায় ২৫ শতাংশ তেল সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় ট্রাম্পের উপর ক্ষেপে উঠেছে অর্ধেক পৃথিবী। যুদ্ধংদেহি মেজাজে থাকলেও অস্বস্তি এড়াতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের প্রত্যাঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণও উত্তরোত্তর বাড়ছে। এহেন পরিস্থিতির মাঝেই হরমুজ উদ্ধার ও ইরানের উপর জোরাল আঘাত হানতে ‘জলদানব’ ইউএসএস ত্রিপোলিকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে আমেরিকা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়েছে আরও এক বিমানবাহী রণতরী ইউএসএস বক্সার।
স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউএসএস ত্রিপোলিকে দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হতে দেখা গিয়েছে। এর পাশাপাশি দেখা গিয়েছে আরও দুই যুদ্ধ জাহাজকে। অনুমান করা হচ্ছে, ২২-২৩ মার্চ নাগাদ এই মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছে যাবে নিজের গন্তব্যে। উল্লেখ্য, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। ইউএসএস জেরার্ল্ড আর ফোর্ড এতদিন ওই অঞ্চলে থাকলেও এই জাহাজে অগ্নিকাণ্ডের জেরে সেটিকে বর্তমানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে দাপট দেখাতে আসছে ত্রিপোলি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরী বক্সার। যার অর্থ দুই রণতরী মিলিয়ে প্রায় ৪০০০ নৌসেনা ও অসংখ্য যুদ্ধবিমান, হেলিকপ্টার-সহ নানা আধুনিক মারণাস্ত্রে সজ্জিত হয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা।

