প্রবাসে বসন্তের রঙ : ফ্রাঙ্কফুর্টে বাঙালির বসন্তবরণ উৎসব

  ফ্রাঙ্কফুর্টে  কনকনে শীতের দাপট। বাইরে শীতল  হাওয়ার কামড়,   রবিবারের অনেকটা নীরব নিস্তব্দ  পথঘাট। অথচ সেই শীতের শহর  ফ্রাঙ্কফুর্টে-এর এক প্রান্তে উষ্ণ হয়ে উঠেছিল একটি হলঘর—বাংলাদেশের বসন্তের রঙে, গন্ধে, সুরে। প্রবাসের মাটিতে এমন এক আয়োজন, যেখানে ঋতুর ক্যালেন্ডার ভিন্ন হলেও হৃদয়ের ক্যালেন্ডার মিলেছে বাংলার সঙ্গে। বসন্ত ও বর্ষবরণের আবহে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রমাণিত হলো—ভৌগোলিক দূরত্ব সংস্কৃতিকে আলাদা করতে পারে না, বরং আকুলতাকে আরও গভীর করে।

বাংলাদেশের বসন্তকালকে সামনে রেখে  ফ্রাঙ্কফুর্টে   এ বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নেন কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারী। তাদের নেতৃত্বে গড়ে ওঠে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। এই মহীয়সী নারীদের মধ্যে অন্যতম ছিলেন—দিলশাদ জাহান খান, পারভীন জাহাঙ্গীর, আয়েশা সিদ্দিকা হিরা, নাদিয়া হোসেন, ইয়াসমিন আহমেদ, নারমিন হক, ফাহরা দিবা গোলাম ও দিশা রশিদ। প্রবাসে থেকেও যারা হৃদয়ে ধারণ করেন লাল-সবুজের স্বপ্ন, শাড়ির আঁচলে বয়ে আনেন বাংলার বসন্তের সুবাস—তাদের হাত ধরেই সম্ভব হলো এমন এক আয়োজন।

প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষের আগমন ঘটেছিল এই অনুষ্ঠানে। শুধু   ফ্রাঙ্কফুর্ট  নয়, জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধবের হাত ধরে, কেউবা একাই—কিন্তু সবার হৃদয়ে ছিল একটাই টান—বাংলাকে কাছে পাওয়া, আপন মানুষদের মাঝে কিছুক্ষণ বাংলার বাতাসে নিঃশ্বাস নেওয়া।

হলঘরে প্রবেশ করতেই যেন বদলে যাচ্ছিল ঋতুর অনুভব। বাইরে তীব্র শীত, আর ভেতরে বসন্তের উষ্ণতা। রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ, আলপনার নকশা—সব মিলিয়ে যেন ছোট্ট এক টুকরো বাংলাদেশ। নারীদের শাড়িতে ছিল হলুদের ছোঁয়া, লালের দীপ্তি, সাদা-লালের চিরায়ত আবেদন। পুরুষদের পাঞ্জাবি, ফতুয়া আর হাসিমাখা মুখ যেন ঘোষণা দিচ্ছিল—আজ প্রবাসে উৎসবের দিন।

খাবারের আয়োজন ছিল চোখ ও জিহ্বার জন্য সমান আনন্দের। ফুচকা, ঝাল মুড়ি থেকে শুরু করে নানা রকম পিঠা, মিষ্টি, পোলাও, চা-কফি—অতিথিদের জন্য ছিল অসাধারণ আপ্যায়ন। একেকটি স্টলের সামনে ভিড় জমেছে, কেউ ফুচকার টক-ঝাল স্বাদে মেতে উঠেছেন, কেউ আবার ভাপা পিঠার গরম ভাপের সঙ্গে ফিরে গেছেন শৈশবের গ্রামে। প্রবাসের মাটিতে এই স্বাদ যেন শুধু খাবার নয়, ছিল স্মৃতির পুনর্জন্ম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি পোশাক প্রদর্শনী। নকশিকাঁথা, জামদানি, কটন, সিল্ক—বৈচিত্র্যময় পোশাকের সম্ভার যেন তুলে ধরেছিল বাংলাদেশের কারুকার্যের ঐশ্বর্য। প্রবাসী নারীরা আগ্রহভরে ঘুরে ঘুরে দেখেছেন, যে যার পছন্দমতো সংগ্রহ করেছেন প্রিয় পোশাক। এই প্রদর্শনী শুধু কেনাবেচার আয়োজন ছিল না; এটি ছিল সংস্কৃতির এক গর্বিত উপস্থাপন, যেখানে প্রতিটি বস্ত্রখণ্ডে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের গল্প।

সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণসঞ্চারিত করেন আতিকুর রহমান সবুজ, নিম্নি কাদের, আব্দুল মান্নান খান বাবুল তালুকদারসহ অন্যান্য শিল্পীরা। তাদের কণ্ঠে একের পর এক দেশাত্মবোধক গান, লোকসংগীত ও আধুনিক সুরে মুখর হয়ে ওঠে হলঘর। দর্শকরা হাততালি দিয়ে, কখনো কণ্ঠ মিলিয়ে অংশ নেন গানে। সেই মুহূর্তে মনে হচ্ছিল—প্রবাসের দেয়াল ভেঙে সবাই যেন পৌঁছে গেছেন বাংলার মাটিতে, পদ্মার তীরে, কাশফুলের মাঠে।

দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠান ছিল এক অনবদ্য মিলনমেলা। শিশুদের কোলাহল, তরুণদের উচ্ছ্বাস, প্রবীণদের নীরব তৃপ্তি—সব মিলিয়ে এক বহুমাত্রিক আবেগের চিত্রপট। কেউ দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুকে আলিঙ্গন করেছেন, কেউবা নতুন পরিচয়ে গড়ে তুলেছেন বন্ধুত্বের সেতু। এই আয়োজন প্রমাণ করেছে—প্রবাসে সংস্কৃতিই হলো সবচেয়ে বড় বন্ধন।

বিশেষভাবে উল্লেখ করতে হয় আয়োজক নারীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কথা। তারা শুধু একটি অনুষ্ঠান করেননি; তারা নির্মাণ করেছেন এক আবেগঘন পরিসর, যেখানে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের শেকড়ের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন। তাদের পরিকল্পনা, সমন্বয়, আন্তরিকতা—সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি পেয়েছে স্বতঃস্ফূর্ততা ও প্রাণবন্ততা।

বাইরে তখনও শীতের তীব্রতা। কিন্তু হলঘরের ভেতরে ছিল বাংলাদেশের মতো বসন্তের আবহাওয়া—উষ্ণ, রঙিন, প্রাণোচ্ছল। যেন প্রকৃতিই বুঝে নিয়েছিল—আজ এখানে ঋতুর হিসাব বদলে যাবে, ক্যালেন্ডার নয়, হৃদয়ই নির্ধারণ করবে সময়ের মানে।

প্রবাস জীবনে ব্যস্ততা, একাকীত্ব ও সাংস্কৃতিক দূরত্ব অনেক সময় মানুষকে ভেতরে ভেতরে শূন্য করে দেয়। কিন্তু এমন একটি আয়োজন সেই শূন্যতায় রঙ ছড়িয়ে দেয়। নতুন প্রজন্মের শিশু-কিশোররা দেখে, শেখে, অনুভব করে—তাদের শিকড় কোথায়। তারা বুঝতে পারে, তাদের পরিচয় কেবল পাসপোর্টের পাতায় নয়, বরং গান, পোশাক, খাবার ও ভাষার ভেতরেও লুকিয়ে আছে।

সব মিলিয়ে ফ্রাঙ্কফুর্ট  এর এই বর্ষবরণ অনুষ্ঠান ছিল স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল ও হৃদয়ছোঁয়া। এটি কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি ছিল প্রবাসে বাঙালিত্বের পুনরুচ্চারণ, বসন্তের রঙে আত্মপরিচয়ের পুনর্লিখন।

শেষে বলা যায়—শীতের দেশে বসন্ত আনার এই সাহসী ও সৃজনশীল প্রয়াস প্রমাণ করে, বাঙালি যেখানে যায়, সেখানেই গড়ে তোলে এক টুকরো বাংলাদেশ। আর সেই বাংলাদেশ রচিত হয় ভালোবাসা, ঐক্য ও সংস্কৃতির আলোয়।

লেখক : হাবিব বাবুল 
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.