পাঁচ দফা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তির স্বপ্ন দেখছিল নয়াদিল্লি। শুল্ক কমানোর ইঙ্গিত, ছাড়ের প্রতিশ্রুতি সবই ছিল হাতে। কিন্তু শেষ মুহূর্তে ভুল হিসাব, ভুল সংকেত আর পারস্পরিক অবিশ্বাসে ভেঙে গেল বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনীতির এই বহুল প্রত্যাশিত চুক্তি। এ চুক্তি নিয়ে ভারত এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা গণমাধ্যমকে পর্যন্ত ইঙ্গিত দিয়েছিল, শুল্ক ১৫ শতাংশে সীমাবদ্ধ হতে পারে। খবর রয়টার্স
ভারতীয় কর্মকর্তারা আশা করেছিলেন, আগস্টের ১ তারিখের সময়সীমা ঘনানোর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চুক্তির ঘোষণা দেবেন। কিন্তু সেই ঘোষণা আর এল না। বরং শুক্রবার থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে তেল আমদানির জন্য অনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ট্রাম্প ইতোমধ্যে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছে এবং প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও আরও ভালো শর্ত দিয়েছে। দুই দেশের সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাজনৈতিক ভুল হিসাব, ভুল সংকেত এবং পারস্পরিক তিক্ততাই বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনীতির এই আলোচনার ভেস্তে যাওয়ার প্রধান কারণ। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৯০ বিলিয়ন ডলারের বেশি।
হোয়াইট হাউস, মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় এবং ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

