দেশে বিরাজনীতিকরণ ষড়যন্ত্র চলছে : গয়েশ্বর রায়

দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়।আজ সোমবার ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়ায় অনুষ্ঠিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলে ষড়যন্ত্র থেমে নেই। এখনকার ষড়যন্ত্রকারীরা নতুন। তাদের চিনতে একটু সময় লাগবে। এই ষড়যন্ত্র হচ্ছে বিরাজনীতিকরণ ষড়যন্ত্র। তাই আমাদের সজাগ থাকতে হবে। দেশ, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যতবড় ষড়যন্ত্র হোক, তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, দেশ ও দলের প্রয়োজনে তা ভুলে যাবেন। ’

নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নিপুনরায় চৌধুরী বলেন,‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানসহ জিয়া পরিবার ফ্যাসিস্ট শেখ হাসিনা কী পরিমান নির্যাতন করেছেন। আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতাকর্মীরা কী পরিমান নির্যাতন সহ্য করেছেন তা আমরা সবাই অবগত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও আমাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয়নি। চূড়ান্ত বিজয় তখনই হবে, যখন দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব।’

নেতাকর্মীদের তিনি বলেন, ‘আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের ঘরে ঘরে যান। আমরা জনগণের জন্য রাজনীতি করি। কিন্তু দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.