‘যৌন নিগ্রহকারী’ ট্রাম্প, সরব কমলা

আমেরিকান নির্বাচনের আর একশো দিন বাকি। ডেমোক্র্যাট দল এখনও সরকারি ভাবে তাদের প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা না করলেও প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাইডেন সরে দাঁড়ানোর ঠিক এক সপ্তাহ পরে, শনিবার, অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত ‘ফান্ডরেজ়ার’-এ বিপুল অর্থ সংগ্রহ করেছেন হ্যারিস। তাঁর প্রচার টিমের লক্ষ্য ছিল, এই ‘ফান্ডরেজ়ার’ থেকে ৪ লক্ষ ডলার সাহায্য জোগাড় করা। মিলেছে তার তিন গুণেরও বেশি, ১৪ লক্ষ ডলার।

এখনও দলের মনোনয়ন না পেলেও চূড়ান্ত পর্যায়ে লড়ার প্রস্তুতি নিয়ে চলেছেন কমলা। গত সাত দিনে তিনি যে ক’টি প্রচার সভা করেছেন, তার প্রতিটাতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। শনিবারের সভায় বলেন, ‘‘আমি এক জন আইনজীবী। ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি। আমি হলফ করে বলতে পারি, ট্রাম্প এক জন যৌন হেনস্থাকারী।’’ রিপাবলিকান দলের প্রেসিডেন্টের প্রার্থীকে চ্যালেঞ্জ করে কমলা বলেন, ‘‘আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। তা হলে সরাসরি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করব।’’ এর মধ্যেই হ্যারিস-ট্রাম্পের একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ট্রাম্প সেই বিতর্কে অংশ নিতে অস্বীকার করেন। তাঁর প্রচার টিমের তরফে দাবি করা হয়, ‘‘ডেমোক্র্যাট দল এখনও কোনও প্রার্থীর নামই ঘোষণা করল না। দল যাকে এখনও মনোনীত করেনি, তাঁর সঙ্গে বিতর্ক করে সময় নষ্ট করতে চান না ট্রাম্প।’’

এ দিকে, নির্বাচন নিয়ে নানাবিধ ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছেন আমেরিকান জ্যোতিষী অ্যামি ট্রিপ। প্রথমে তিনি বলেছিলেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন ২১ জুলাই। ঠিক সে দিনই এই মর্মে ঘোষণা করেন বাইডেন। এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে যাওয়ার পরে অ্যামির জনপ্রিয়তা বেড়ে যায়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল কী হচ্ছে, তা অ্যামিকে জিজ্ঞাসা করায় তিনি দাবি করেছেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে আততায়ীর হামলার মতো কোনও বিপজ্জনক ঘটনার ফের সম্মুখীন হতে পারেন তিনি, এমন ‘সতর্কবার্তা’ও জারি করেছেন অ্যামি। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.