ফিলিস্তিনে আর্থিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের জন্য নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। এর পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার জর্ডানে জরুরি ত্রাণ সম্মেলনে সহায়তার এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকসহ অন্য দেশগুলোকেও গাজার মানবিক সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের হিসাব মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনিদের জন্য মোট ৬৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দিয়েছে।

কিন্তু জতিসঙ্ঘের আবেদনে ফিলিস্তিনাদের জন্য কেবলমাত্র এক তৃতীয়াংশ তহবিল পাওয়া গেছে, যেখানে ঘাটতির পরিমাণ ২৩০ কোটি মার্কিন ডলার বলে ব্লিঙ্কেন উল্লেখ করেন।

তিনি বলেন, কেউ কেউ গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের দেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তারা হয় সামান্য দিয়েছে কিংবা কেউ কিছুই দেয়নি।

এ দিকে, গাজায় এসব সহায়তা কিভাবে দেয়া হবে সে সম্পর্কে ব্লিঙ্কেন স্পষ্ট করে কিছু বলেননি। তবে, ফিলিস্তিনিদের জন্য বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সাধারণত এক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বেসরকারি ত্রাণ গ্রুপগুলোর ওপর নির্ভর করে।

সূত্র : বাসস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.