জ্বলছে সুন্দরবন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা ঘনিয়ে আসায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ফলে রাতভর পুড়তে থাকবে সুন্দরবন। আগুন আরো বড় পরিসরে ছড়িয়ে পড়াও আশঙ্কা রয়েছে।

শনিবার (৪ মে) পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের কাজ রাতের জন্য বন্ধ রয়েছে। সকাল থেকে পুনরায় শুরু করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোংলা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান গণমাধ্যমকে জানান, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। যার কারণে আমরা এখন পর্যন্ত আগুন নির্বাপনের কাজ শুরু করতে পারিনি। সন্ধ্যা হওয়ায় আমরা ফিরে এসেছি। রোববার সূর্যোদয়ের সাথে সাথে বনের মধ্যে প্রবেশ করে আগুন নেভানোর কাজ শুরু করব।

আগুন লাগা এলাকায় মূলত বলা, সুন্দরী, বাইন, গেওয়া, জিন, সিংড়াসহ বিভিন্ন ধরনের লতাগুল্মজাতীয় গাছ বেশি। এরই মধ্যে বেশ কিছু বলা বন পুড়ে গেছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য স্থানীয় লোকজন নিয়ে বন বিভাগ কিছুটা পাতার স্তুপ সরালেও গভীর ফায়ার লাইন কাটতে পারেনি। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে বলেছেন, ফায়ার লাইন কেটে যেহেতু পানি দিয়ে দেয়া যায়নি, রাতে আগুন আরো ছড়িয়ে পড়বে।

শনিবার (৪ মে) দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়।

সুন্দরবন-সংলগ্ন নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাড়ির খাড়িরছিলা ও লতিফের ছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের দুই কিলোমিটার এলাকা জুড়ে আগুন জ্বলছে বেশ কিছু জায়গার লতাপাতা গুল্ম পড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.