সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারকে যেতে হবেই। তার আগে আমরা (রাস্তা) ছাড়বো না। কথা এটাই। আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। যতক্ষণ পর্যন্ত এই সরকারকে গদি থেকে নামাতে না পারবো। আর তাদের যেতে হবেই।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘সংসদের কফিনে পেরেক, আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাঙ্গাহীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ তারিখের আগে থেকে এবং ৭ তারিখের পরে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি। রাস্তা ছেড়ে যাবো না। ৩০ তারিখে বিএনপি মিছিল বের করবে। ওরা (সরকার) মিছিল করতে দিবে না।
আর আওয়ামী লীগের দিন বড় খুব খারাপ। আরও খারাপ আসবে। অপেক্ষা করেন। খুব বেশি দিন লাগবে না। এরমধ্যে বিরোধী দল আবার মিছিল শুরু করেছে। কর্মসূচি দিচ্ছে। পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেনো?

