‘ডামি নির্বাচন’ও জনগণ প্রত্যাখ্যান করবে : এবি পার্টি

৭ই জানুয়ারির নির্বাচনকে আওয়ামী লীগ, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার যৌথ নির্বাচন বলে অভিহিত করেছে এবি পার্টি। এই প্রহসনমূলক নির্বাচন কোনভাবেই জনগণের নির্বাচন নয় বলে দাবি করেছে তারা। বুধবার বিকালে এক পদযাত্রা কর্মসূচিতে এবি পার্টির নেতারা বলেন, আওয়ামী লীগ সভাপতি জনগণের দুর্ভোগ দুর্দশার প্রতি উপহাস করে কাঁঠালের বার্গার এবং কুমড়ার বেগুনী খাওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে, এমনকি কোনো আওয়ামী লীগ কর্মীকেও কাঁঠালের বার্গার এবং কুমড়ার বেগুনী বানিয়ে খেতে দেখা যায়নি। তারা বলেন, কাঁঠালের বার্গার ও কুমড়ার বেগুনী’র মতো ৭ই জানুয়ারির ডামি নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে।

বিকেলে প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনমত তৈরির লক্ষ্যে ‘পদযাত্রা’ কর্মসূচি পালনকালে এসকল কথা বলেন এবি পার্টির নেতৃবৃন্দ। পদযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, এবি পার্টির আহবায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ।

সমাবেশে এএফএম সোলায়মান চৌধুরী বলেন, পঞ্চাশ হাজার ভুয়া মামলা দিয়ে ২০ হাজার বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে পুরে শেখ হাসিনা তার পদলেহনকারী নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একতরফা নির্বাচন করছে। এই ডামি প্রার্থী, কিছু দালাল কিংস পার্টি সাথে নিয়ে প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবেনা। সকল ষড়যন্ত্র ছিন্ন করে দেশের মানুষ তার অধিকার আদায় করে নিবে ইনশাআল্লাহ।
বিএম নাজমুল হক বলেন, আগামী ৭ তারিখের একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জন্য সকল পথ রুদ্ধ হয়ে যাবে শুধু খোলা থাকবে তার পতনের পথ। আমরা তার পতনের পথ দেখেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একটা প্রহসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে সরকার পুরো লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে।

 

পদযাত্রায় আরো অংশ নেন যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান,  সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির,  সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.