আরও কত পথ আছে বাকি ?

একটা দারুণ মিল পাওয়া গেছে সংখ্যার। কিন্তু সংখ্যা কোনো বিমূর্ত বিষয় নয়। সংখ্যা প্রকাশ করে অনুভূতি এবং সংখ্যা পালনও করে ভাবের বাহনের ভূমিকা। যেমন ৫২ শুনলেই মনে পড়ে, ভাষা আন্দোলনের কথা। আর ৭১ শুনলেই মনে পড়ে, মুক্তিযুদ্ধের স্মৃতি। যে কারণে যখন কেউ বলে ’৫২-এর চেতনা বা ’৭১-এর চেতনা  তখন সংখ্যা পরিণত হয় ভাবের, আবেগের আর প্রতিজ্ঞার পরিপূরক হিসেবে।  ভাষা আন্দোলন হয়েছিল ১৯৫২ সালে, ২০২৩ সালে তার ৭১ বছর অতিক্রান্ত হলো, স্বাধীনতাযুদ্ধে বিজয়ী হয়েছি ১৯৭১ সালে। এ বছর তার ৫২ বছর পার করলেন দেশবাসী। ৫২-এর ৭১ আর ৭১-এর ৫২ বছর। এই বছরই আমরা প্রত্যক্ষ করছি এক অভূতপূর্ব, অশ্রুতপূর্ব আর অদৃষ্টপূর্ব নির্বাচনের প্রস্তুতি। আর এটা মোটামুটি নিশ্চিত যে, ৭ জানুয়ারি জনগণ দেখবে এক নতুন দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, এই নিয়ে অনিশ্চয়তার সময় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক  বলেছিলেন এবারের নির্বাচনে শত ফুল ফুটবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফুল ফুটতে শুরু করেছে, অনেক ফুল ফুটবে। কিন্তু শেষ পর্যন্ত যে ফুলগুলো ফুটল তা যেমন বর্ণময় নয়, তেমনি গন্ধও ছড়াতে পারেনি। বরং রাজনীতিতে দুর্গন্ধ ছড়িয়েছে এবং সাধারণ নীতিবোধকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যদিও চোখে পড়ার মতো একটাই ফুল, ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি হয়েছেন, ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) নৌকার প্রার্থী। তবে তিনি আবার সম্প্রতি বলেছেন, ‘এবারকার নির্বাচন, কী নির্বাচন পাতছে, এটা তো কোনো নির্বাচন না। আরে ব্যাটা, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয় পক্ষের মিছিল-মিটিং, মাইকিং-স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই। যা-ই হোক, এটা তো শেষ না।’ যাক! শেষ পর্যন্ত তিনি আশাবাদী যে, এখানেই শেষ নয়। মজার উপাদান আরও আছে।

এরই মধ্যে ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতাদের অন্যতম  কৃষিমন্ত্রী বলেছেন আরেক কথা। তার কথায়, ফুল ফোটানোর পদ্ধতি  সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেল। তিনি বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করেছে। এমনকি সব নেতাকর্মীকে এক রাতের মধ্যে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরও  বিএনপি নির্বাচনে আসেনি। আগে পরে ক্ষমতাসীন দলের তিন গুরুত্বপূর্ণ নেতার কথা শুনে ফুল ফোটানোর প্রক্রিয়া ও চেষ্টা সম্পর্কে যে রহস্য ছিল, তা জনগণ জানতে পেরেছে। অংশগ্রহণমূলক দেখানোর জন্য তৃণমূলের দল বা ন্যাশনালিস্ট মুভমেন্ট নামের দলকে যত গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হয়েছিল, নানা সহায়তা পেয়েও তারা তত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি। বিএনপি নির্বাচনে না এলে তাদের দাম বাড়বে এই প্রত্যাশা এবং সংসদ সদস্য হওয়ার এই সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্নে তারা বিভোর ছিলেন। তাদের বৃক্ষ কত বড়, কতদিন ধরে চেষ্টা করছেন, এসব বিবেচনায় না নিয়ে তারা আওয়ামী লীগের আশ্রয়ে গিয়ে ফুল হয়ে ফোটার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের  ফুলের বাগানেই ঠাঁই হলো, না ফুল হয়ে ফোটা তো পরের কথা। তারা অনাদরে অবহেলায় আশ্বাসে পথের পাশেই পড়ে রইলেন। তারা ফুল হতে পারলেন না, তাকিয়ে তাকিয়ে আওয়ামী লীগের বাগানে আওয়ামী লীগের প্রার্থীদেরই ফুল হয়ে ফুটে ফুলের মালা গলায় জিতে আসতে দেখবেন আর প্রতারিত হয়েছেন এ জন্য দোষারোপ করতে থাকবেন। কৃত্রিমভাবে এবং জোর করে ফুল  ফোটাতে গিয়ে বরং কিছু দলছুট এবং নতুন দলের স্রষ্টা নেতার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। যদিও তাদের কাছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু এই নেতাদের রাজনৈতিক অবস্থান কী হবে? কারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি এখন পরিষ্কার দুভাবে বিভক্ত। ক্ষমতাসীনরা যে কোনো প্রকারেই ভোটের পক্ষে আর আন্দোলনকারী পক্ষ বলছে এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না।

এই নির্বাচনী প্রক্রিয়া দেখালো, আইনের শাসনের কথা বহুল কথিত হলেও শাসকদের ইচ্ছার কাছে আইন কত অকার্যকর। চূড়ান্ত বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা, নানাবিধ ভয়ংকর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রাতারাতি জেল থেকে ছাড়া পেয়ে ক্ষমতাসীন দলের ইচ্ছায়, তাদের মার্কায় নির্বাচন করছেন। একপক্ষের সেনাপতি কত সহজেই প্রতিপক্ষের সৈনিক হয়ে যেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, কৃষিমন্ত্রীর বক্তব্য বিবেচনায় নিলে এ কথা বলা যেতে পারে,  যানবাহনে আগুন-ভাঙচুরের মামলাসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা আছে, সেসব সরকার ইচ্ছা করলেই মুছে দিতে পারেন। এখন যদি কেউ বলেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের আটকে রেখেছে তাহলে কি ভুল বলা হবে? এর সবচেয়ে বড় প্রমাণ, শাহজাহান ওমর নিউমার্কেট এলাকায় একটি বাস পোড়ানোর মামলায় আটক ছিলেন। কিন্তু অতি দ্রুত তার জামিন ও মুক্তি হলেও একই মামলায় আটক অন্য নেতাকর্মীদের মুক্তি তো দূরের কথা,  জামিনও হয়নি। তাহলে কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ব্যাপারটা দাঁড়াল, ওই নেতারা রাজি হননি, তাই জামিন পাননি। আর শাহজাহান ওমর রাজি হয়েছেন, তাই মুক্তি পেয়েছেন। এবং এই বিষয়টি উদ্বেগজনক যে, নেতাদের গণহারে আটক ও ইচ্ছামতো মুক্তির টোপ দিয়ে ক্ষমতাসীনরা তাদের কথিত দেশের আইনের শাসনকে বরাবরের মতোই আবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

নির্বাচন প্রক্রিয়া দেখাল এটাও যে, নির্বাচিত হলে বা সংসদ সদস্য মনোনীত হলে কত দ্রুত সম্পদশালী হওয়া যায়। হলফনামা প্রতিটি প্রার্থী সজ্ঞানে, বহু যাচাই-বাছাই করেই নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন। ফলে তাকে উপেক্ষা করা বা পাশ কাটানোর কোনো উপায় নেই। অন্যদের কথা না হয় নাইবা আলোচনা করি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর হলফনামার কথাই যদি দেখা যায়, তাহলে সাধারণ মানুষ অবাক হবেন আর নির্বাচনে অংশগ্রহণকারীরা যে কোনোভাবেই বিজয়ী হওয়ার জন্য মরণপণ চেষ্টা করবেন।

দেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন খাদ্য, তাই খাদ্যমন্ত্রীর বিষয়টা দেখা যাক! গত ১৫ বছরে খাদ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে ১৫৭ গুণ। নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন, তার বার্ষিক আয় ছিল ২ লাখ ৫০ হাজার টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৩ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ২৫৬ টাকা। একেবারে পরিষ্কার হিসাব! দেশের মানুষ বিশেষ করে শ্রমিকদের আয়ের বেশিরভাগ খাদ্য কিনতে খরচ হয়, টিসিবির ট্রাকের পেছনে লাইন দীর্ঘ হয় আর খাদ্যমন্ত্রীর আয় রকেটের গতিতে বাড়ে।

স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটি কোনোভাবেই ফেলনা নয়। হয়তো সে জন্যই এই একই কালপর্বে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে ১১ গুণের বেশি। ২০০৮ সালে তার আয় ছিল বার্ষিক ৭১ লাখ ৩৪ হাজার ৬৯১ টাকা। এবার উল্লেখ করেছেন, ৮ কোটি ২৯ লাখ ৯৭ হাজার টাকা। স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা, এখন তা দাঁড়িয়েছে ৭০ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকা। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এবং স্বাস্থ্যমন্ত্রীর আয় বৃদ্ধি কি মানানসই ব্যাপার বলে মনে হবে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমবিএ করেছেন, যা বিজনেস শেখার জন্য গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে তার কোনো স্থাবর সম্পদ ছিল না। এখন তার ১৭ একর জমি, গুলশানে ২টি ফ্ল্যাট, রাজশাহীতে ৪ তলা বাড়ি। ২০০৮ সালে তার অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের। তার দক্ষতায় তিনি ২ কোটি টাকাকে ৮৯ কোটি টাকায় পরিণত করেছেন।

তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী পিছিয়ে থাকবেন কেন? তিনি প্রায় শূন্য থেকে চোখের পলকে কোটিপতি হয়েছেন। ২০০৮ সালে তিনি ধারদেনা করে নির্বাচনের খরচ জুগিয়েছিলেন। ব্যাংকে ছিল নিজের ২০ হাজার ও স্ত্রীর ১০ হাজার টাকা। এবার নিজের নামে ৪ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৪৪৫ টাকার সম্পদের হিসাব উল্লেখ করেছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কাছে নাকি ১০ হাজার মার্কিন ডলারও আছে। তিনি সত্যবাদী কারণ  অনেকেই  নগদ ডলার বালিশের নিচে রেখে কথাটা চেপে গেছেন। শত শত এমপি, মন্ত্রীর মধ্যে এনারা তো মাত্র কয়েকজন। এসব দেখে কেউ যদি আগ্রহী হন সংসদ সদস্য হতে তাকে কি দোষ দেওয়া যাবে?

নির্বাচন দেখাল, কেউ না এলেও একা নির্বাচন করা যায়। একই দল বা জোটে ভাগ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, বিরোধী দল বানানোর জন্য নানা কসরত করতে হয় এবং আমি ও ডামির নির্বাচন করা যায়। জরুরি আইন জারি না করেও নির্বাচনের ১৩ দিন আগে সেনা মোতায়েনের প্রস্তাব করা যায়, নির্বাচনের বিরুদ্ধে কোনো প্রচার করা যাবে না এ রকম সিদ্ধান্ত দেওয়া যায়। উৎসবমুখর নির্বাচনের পরিবর্তে বাসের যাত্রী ডাকার মতো করে ভোটকেন্দ্রে যেন ভোটার উপস্থিত হন সেই পরিকল্পনা করতে হয়। এগারোটি জাতীয় সংসদ নির্বাচন করেও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারার খেসারত মানুষ দিচ্ছে, আগুনে পুড়ে অথবা গণতান্ত্রিক সংস্কৃতির অধপতনে। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, সেই গণতন্ত্রের বেহাল দশা দেখে মানুষ ভাবছে, এমন গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? অতীতের সব সংগ্রাম থেকে আমরা জানি, আমাদের স্বপ্ন তো কোনো ভুল স্বপ্ন ছিল না। তাহলে দেশের এই অবস্থা দাঁড়াল কেন? ৫২ বছরের বুর্জোয়া শাসনের পর সুষ্ঠু, অবাধ গ্রহণযোগ্য নির্বাচন কেন এখনো অধরাই থেকে গেল? বাস্তব সত্য হলো এই যে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের স্বপ্ন পূরণে আরও পথ হাঁটা আছে বাকি।

রাজেকুজ্জামান রতন

রাজনৈতিক সংগঠক ও কলাম লেখক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.