‘পলিটিক্যাল সিকনেসে’ ছাত্রদল সভাপতির পদ হারালেন শ্রাবণ

বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান।

আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে ছাত্রদলের কয়েকজন নেতা জানিয়েছেন, আজ সন্ধ্যায়ও রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসেছিলেন শ্রাবণ। তাকে দেখে অসুস্থ মনে হয়নি। শ্রাবণকে ‘পলিটিক্যাল সিকনেস’ বা ‘রাজনৈতিক অসুস্থতা’ দেখিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেশে রাজনীতির এই সংকটকালে ছাত্রদলের সর্বোচ্চ পদ থেকে শ্রাবণকে কেন সরিয়ে দিল বিএনপি, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ওই দিন রাজধানীর উত্তরায় দায়িত্বে ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। ওই দিন উত্তরায় শ্রাবণকে কেউ দেখতে পাননি। তবে বিকেলে রাজধানীর ক্ষিলক্ষেত এলাকায় তিনি একটি ঝটিকা মিছিল করেন। সেদিনের আন্দোলনে ব্যর্থতার কারণে তাকে ‘কৌশলে’ সংগঠন থেকে সরিয়ে দেওয়ার এই পদক্ষেপ নিয়েছে বিএনপি।

আগামী দিনে মাঠের আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হলে এমন সিদ্ধান্ত আরও আসবে বলে জানিয়েছে বিএনপির এই নেতা। তার ভাষ্যমতে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে এমন বার্তাই পেয়েছে দল।

গত ২৯ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অনেকেই আহত হন। রাজধানীর কয়েকটি পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দলটির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.