রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উজরা জেয়া ও ডোনাল্ড লু

বাংলাদেশ সফরের প্রথম দিনই রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু।

বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় বিশেষ বিমানে করে উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল কক্সবাজারে এসে পৌঁছান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন হাই প্রোফাইলের এই প্রতিনিধি দল রোহিঙ্গা কাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা শরণার্থীদের সাথে সরাসরি কথাবার্তার বাইরে নিউট্রিশন সেন্টার, কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখবেন এবং কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে কক্সবাজারে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে বিকেলে ঢাকা ফিরে যাবেন।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, কক্সবাজার সফরে তাদের সাথে থাকবেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়েসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.