যুক্তরাষ্ট্রের গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায়

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে স্বাগত জানান।

তার এই সফরের উদ্দেশ্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত আলোচনা করা। আরো মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের জন্য অবদান রাখা। সমগ্র অঞ্চল জুড়ে উদ্বাস্তু ও হোস্ট সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা জোরদার করা।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুসারে মার্কিন আন্ডার সেক্রেটারি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সঙ্কটসহ মানবিক উদ্বেগ, শ্রম সমস্যা, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের বিরুদ্ধে লড়াই প্রভৃতি বিষেয় নিয়ে আলোচনা করবেন।

বুধবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। কারণ রোহিঙ্গা ইস্যু তার সফরের অন্যতম অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

ইউএস আন্ডার সেক্রেটারি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সাক্ষাৎ করবেন বলে একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দুই বন্ধুপ্রতীম দেশের ‘অভিন্ন আকাঙ্ক্ষা’।

সোমবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে দফতরটির মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে আমাদের এই আকাঙ্ক্ষা থাকছে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বারবার তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রাশিয়া, চীন ও ইরানের গণমাধ্যমের বিবৃতির কথা উল্লেখ করে মিলার বলেন, ‘আমি জানি না কেন কেউ আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানে আপত্তি জানাবে।’

তিনি বলেন, ‘আমরা এক রাজনৈতিক দলকে রেখে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।’

তিনি আরো বলেন, ‘অন্য দেশ যখন আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কিছু বলে তখন আমরা এটাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করি না। আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ হিসেবে এ ধরনের আলোচনাকে স্বাগত জানাই এবং আমরা জানি না কেন অন্য কোনো দেশ আপত্তি করবে।’

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ক্ষমতাসীন দল ও বিরোধী দল বিএনপির সাথে যোগাযোগ করবেন কি না জানতে চাইলে মিলার বলেন, তিনি রোহিঙ্গা শরণার্থী সঙ্কট, শ্রম ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার মোকাবিলাসহ অভিন্ন মানবিক উদ্বেগ নিয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়াবিষয়ক ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর প্রতিনিধি দলে অংশ নেবেন।

উল্লেখ্য, জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সর্বজনীন মানবাধিকারকে এগিয়ে নিতে, শরণার্থী ও মানবিক ত্রাণকে সমর্থন করতে, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে, সশস্ত্র সংঘাত রোধ করতে এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

সূত্র : ইউএনবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.