সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার ফরাসি ফুটবল অধ্যায়ের শেষটা হয়েছে তিক্ততায়। বিষয়টা ভালো লাগেনি দলটির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের। মেসির হয়ে তোপ দাগিয়েছেন তিনি।
গত বিশ^কাপের পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের শীতলতার শুরু। যেটা চূড়ান্তভাবে তিক্ততায় পৌঁছায় মেসির ওপর ক্লাবের আরোপিত নিষেধাজ্ঞা। মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। তারচেয়েও ভয়ংকর অভিজ্ঞতা আর্জেন্টাইন তারকার হয়েছে মাঠের খেলায়। মেসিকে বেশ কয়েকবার দুয়ো দিয়েছিলেন পিএসজি সমর্থকরা। এসব কিছুই পর্যবেক্ষণ করেছেন এমবাপ্পে। তার দাবি, পিএসজিতে মেসি প্রাপ্য সম্মান পাননি।
পরশু রাতে ইতালিয়ান সংবাদমাধ্যম, লা গাজেত্তা ডেল্লো স্পোর্টে প্রকাশিত হওয়া এক সাক্ষাৎকারে ফরাসি ফরওয়ার্ড বলেছেন, ‘আমি বুঝতে পারছি না মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি পিএসজি ছাড়ছেন, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি মেসি কখনোই পিএসজিতে তার প্রাপ্য সম্মান পাননি।’
পিএসজিতে মেসি এখন অতীত। ক্লাবটির বর্তমান এমবাপ্পেকে ঘিরে। কিন্তু তার ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে সংবাদমাধ্যমে। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদে যেতে মরিয়া এমবাপ্পে। তিনি নিজেও নাকি স্প্যানিশ ফুটবলে যেতে চেয়েছেন। যদিও এমন খবর উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। তিনি শুধু পিএসজিকে জানিয়েছিলেন চুক্তি নবায়ন করবেন না। পিএসজি তারকা বলেছেন, ‘আমি তাদের আমাকে বেচে দিতেও বলিনি, রিয়াল মাদ্রিদে যেতে দিতেও বলিনি। আমি শুধু নিশ্চিত করেছি যে, আমি আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে চাই না। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কখনই আমরা কথা বলিনি, কিন্তু এখানে আমি খুশি মনেই পরের মৌসুম থাকতে চাই।’
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। পরের মৌসুমে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় প্যারিসিয়ানরা। সবশেষ চুক্তি অনুযায়ী ২০২৪ জালের জুন পর্যন্ত তার পিএসজিতে থাকার কথা রয়েছে। কিন্তু তার আগেই রিয়াল মাদ্রিদকে ঘিরে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে নানারকম কথা ওঠে সংবাদমাধ্যমে। এসবের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন তিনি।

