ভারতে রাজস্থানের হনুমানগড় জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ গ্রামবাসী।
তবে অক্ষত আছে বিমানটির পাইলট । তিনি নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানা যায়, রাজস্থানের হনুমানগড় জেলার পিলিবাঙ্গা গ্রামে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল।
তবে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুটের মাধ্যমে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
টুইটারে দেওয়া এক বার্তায় দেশটির বিমান বাহিনী জানায়, “আজ সকালে আইএএফের একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় সুরতগড়ের কাছে বিধ্বস্ত হযেছে। দুর্ঘটনায় পাইলট সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।“
যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, ‘মানুষের হতাহতের ঘটনা এড়াতে সকল ধরণের চেষ্টা করেছিলেন পাইলট এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।’
এর আগেও জানুয়ারিতে, মধ্যপ্রদেশের মোরেনায় এবং রাজস্থানের ভরতপুরে দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে একজন পাইলটের মৃত্যু ও হয়।

