রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ

নতুন আলোর সন্ধানে রাজধানীর বটমূলে ছায়ানটের বর্ষবরণ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিন প্রথম সকালে এ বছরকে শতাধিক শিল্পী বরণ করে নেন তাদের কণ্ঠে। অতীতের সব জীর্ণতা ভুলে নতুনত্বের আহ্বানে সব শ্রেণিপেশার মানুষ স্বাগত জানাচ্ছেন নববর্ষকে।

এদিন নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, দেশ ও দেশের মানুষের প্রতি প্রেম, আত্মজাগরণের সুরবাণীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়।

নববর্ষের প্রথম দিন সকাল সোয়া ৬টায় রাগ যন্ত্রবাদনের মাধ্যমে প্রধান অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ হাজির হচ্ছেন। এবার অনুষ্ঠানমালা ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি এবং সবশেষ জাতীয় সংগীত রয়েছে।

বর্ষবরণের অনুষ্ঠানমালা সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ইউটিউব চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করেছে।

নতুন বছরকে বরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা উদ্যান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। ছায়ানট কর্মীদের সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবী, লাউড ওয়ার্কস ও থার্টিনস হুসার্স ওপেন রোভার গ্রুপের সদস্যরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.