ভারতে বাড়ছে করোনা, তিন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

 

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েক দিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড সংক্রমণ লক্ষ্য করা গেছে। আর তার জেরে দেশটির তিন রাজ্যে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক ও দু’টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এ সময় রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধাগুলোর প্রস্তুতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। 

কেরালা : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ গতকাল শনিবার অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও নানা রোগে আক্রান্তদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেন। গতকাল কেরালায় ১ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়।

হরিয়ানা : উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সরকার ১০০ জনের বেশি লোকের জমায়েত হয় এমন জনসমাগমস্থল, সরকারি অফিস ও শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

পুদুচেরি : কেন্দ্রশাসিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য পুদুচেরির প্রশাসন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গত শুক্রবার সমুদ্রসৈকত, রাস্তা, পার্ক ও থিয়েটারের মতো জায়গায় যেখানে জনসমাগম বেশি হয় সেসব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, পানশালা, বিনোদনের স্থান, সরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলা হয়েছে।

সতর্কতা

উত্তর প্রদেশ : উত্তর প্রদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য সরকার ‘অধিকতর সতর্কতা’ জারি করে রাজ্যের সব বিমানবন্দরে বিদেশি যাত্রীদের স্ক্রিনিং নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। সরকারি আদেশে বলা হয়, কোভিড-১৯ পজিটিভ পাওয়া সবার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে।

দিল্লি : দিল্লিতে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার ভারতে ৬ হাজার ১৫৫ নতুন রোগী শনাক্ত হয়। শুক্রবার এ সংখ্যা ছিল ৬ হাজার ৫০ জন। ভারতে এ পর্যন্ত ৪ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৫৪ জন।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.