প্রহসনের নির্বাচনে যাবেন না বাসদের মনীষা চক্রবর্তী

 

 

 

দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অনুগত দলসমূহকে নিয়ে পাতানো নির্বাচনের আয়োজন চলছে বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশনে বাসদের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী। তিনি বলেন, যেখানে জনগণ পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে না সেই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাসদ ও তাদের রাজনৈতিক জোট। বুধবার বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, জেলা কমিটির সদস্য মানিক হাওলাদার, গোলাম রসূল, বিজন সিকদার ও সন্তু মিত্র উপস্থিত ছিলেন। মনীষা বলেন, নির্বাচন কমিশনের হাত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরিত হয়ে গেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় মাস্তান বাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সিদ্ধান্ত প্রকাশ করে। কিন্তু বর্তমানে নির্বাচন নির্দিষ্ট সময় পর পর জনগণের ওপর দুঃশাসন চালাবার আইনি অনুমোদন নেয়া মাত্র। বিগত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন এবং তার পরবর্তীতে কথিত নির্বাচিত ব্যক্তির ভূমিকা দেখে এটা বিশ্বাস করতে কারও পক্ষেই কষ্টকর হবে না। তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।

যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও সুষ্ঠু প্রক্রিয়া পদ্ধতিকেও ধ্বংস করছে। বামপন্থী এ নেত্রী বলেন, এ পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সেই দায়বদ্ধতা থেকে একটি লোক দেখানো নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চাকে কলুষিত করায় শরিক আমরা হতে পারি না। তিনি বলেন, জনগণ ক্রমাগত নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, সাম্প্রতিক সময়ের উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি ৩০ শতাংশের কম। এমনকি ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদানের হার ছিল মাত্র ১০ ও ১৪ ভাগ। এই নির্বাচন কমিশনের ওপর জনগণের অনাস্থারই পরিচায়ক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.