২৫-৩০ হাজার টাকা ঋণের মামলায় পাবনায় ১২ কৃষক কারাগারে

পাবনার ঈশ্বরদীতে ২৫-৩০ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় ৩৭ জন প্রান্তিক কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে কৃষকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

গ্রেপ্তার কৃষকেরা হলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামানিক (৫০), মাহাতাব মন্ডল (৪৫), কিতাব আলী (৫০), হান্নান মিয়া (৪৩), মোহাম্মদ মজনু (৪০) ও মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), আব্দুল গণি মন্ডল (৫০), শামীম হোসেন (৪৫), সামাদ প্রামানিক (৪৩), নূর বক্স (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬) ও মোহাম্মদ রজব আলী (৪০)।

জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন। এই ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত ৩৭ জন ঋণ গ্রহিতা কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতেই থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।

ওসি অরবিন্দ সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই প্রান্তিক কৃষক। ২০২১ সালে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর ভিত্তিতেই ১২ জনতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাদের ঋণের টাকা পরিশোধ আছে। মামলার বিষয়টি তারা জানতেন না। কেন মামলা হলো সেটাও জানেন না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.