সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে চোখের উন্নত চিকিৎসার জন্য আগামী রবিবার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেওয়ায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে এই অভিনেতাকে।

মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ বলেন, ‘ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিলো না। বরং আরো জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। আগামী রবিবার (৩০ অক্টোবর) আমরা সেখানে যাচ্ছি। বাবার সঙ্গে আমি এবং মাও (জিনাত বেগম) যাব। সবার কাছে দোয়া চাই।’

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও তার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নামে পরিচিত হন তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ তার। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.