কাতার বিশ্বকাপের থিম সং এ নোরা ফাতেহি

নেচে-গেয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে যাচ্ছেন ভারতীয় তারকা নোরা ফাতেহি।

ভারতের প্রথম তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং এর মিউজিক ভিডিওতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এ থিম সং এ নেচে ও হিন্দিতে গেয়ে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘লাইট দ্য স্কাই’ নামের থিম সংটিতে দেখা যাবে নোরা ফাতেহিকেও। যা মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। নোরার সাথে এ গানে আরও কণ্ঠ দিয়েছেন আরব আমিরাতের বিখ্যাত গায়িকা বালকিস ফাথি, ইরাকি গায়িকা-অভিনেত্রী রাহমা রিয়াদ ও বিখ্যাত মরোক্কান পপ গায়িকা মানাল।

জানা গেছে, কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও হিন্দিতে গান গাইবেন নোরা।

প্রসঙ্গত, ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’ প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে শাকিরার বিশ্বখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলোর প্রযোজক ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.