ভোলার সেই হাঁসের ডিম পাড়া বন্ধ!

ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগমের পালিত পাতিহাঁসটি হঠাৎ করেই দু’দিন ধরে আর ডিম পাড়ছে না।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। কারণ গত বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন কালো রঙের দুইটি ডিম পাড়ে তাসলিমা বেগমের পাতিহাঁসটি। কিন্তু হঠাৎ করেই শুক্র ও শনিবার দু’দিন ধরে হাঁসটি আর ডিম পাড়ছে না।

এদিকে তাসলিমা বেগমের হাঁসটি ডিম পাড়া বন্ধ করে দিলেও ওই একই উপজেলার আরেকটি পাতিহাঁস শুক্রবার থেকে ধূসর রংয়ের ডিম পাড়া শুরু করেছে। একই উপজেলায় পরপর এমন দুইটি ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপসহকারী প্রাণী সম্পদ স্বাস্থ্য কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, হাঁসটি এই প্রথম কালো রঙের ডিম পেড়েছে। আমি এর আগে কালো রঙের ডিম পাড়ার কথা শুনিনি। তবে জিংডিং জাতের একপ্রকার হাঁস রয়েছে যেটি হালকা নীল রঙের ডিম পেড়ে থাকে।

তিনি বলেন, এমন ধূসর রঙের ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে। পরীক্ষা না করে এর সঠিক কারণ বলা মুশকিল। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ঠিক কী কারণে চরফ্যাশনের দুইটি হাঁস এমন ডিম পেড়েছে তা আমার জানা নেই। আমরা দুইটি হাঁসেরই স্যাম্পল কালেকশন করে পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসলে এর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.