বার বার ইডি-সিবিআইয়ের হানা! একের পর এক নেতা গ্রেফতার। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সোমবার বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড! কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পেশের সময় বিরোধী দলনেতার সঙ্গে বেনজির বাগবিতণ্ডায় জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা। শুধু আক্রমণ? শুভেন্দুকে উদ্দেশ্য করে তুই-তোকারি করেন মমতা। বলেন, “তোদের মতো চোর আমরা নই রে!”
এদিন শুভেন্দুকে ডোন্ট টাচ মাই বডি মন্তব্য নিয়েও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী বলেন, “চোরেদের গ্রেফতার করো আপত্তি নেই। কিন্তু সব চোরের বিরুদ্ধে যেন নিয়ম এক থাকে। তুমি বিজেপি করো বলে তোমাকে কিছু করবে না, এটা চলবে না।” সেই সময় বিরোধীদের বেঞ্চে বসে থাকা শুভেন্দু অধিকারী খোঁচা দেন, “তৃণমূলে সবাই চোর। খাটের তলা থেকে টাকা বেরোবে।”
তখন শুভেন্দুর কথা শুনেই মেজাজ হারান মমতা। বলেন, “আমি চ্যালেঞ্জ করছি এটা যদি প্রমাণ করতে পারিস। তোদের মতো চোর আমরা নই রে! এর পর না থেমে মমতা আরও আক্রমণের ধার বাড়িয়ে বলেন, স্বচ্ছবাবু, হীরের মতো জ্বলন্ত হীরে, আপনার কত ট্রলার আছে, কত বেনামী, কত নামী, কটা পেট্রল পাম্প? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি! সিবিআই আপনাকে টাচ করতে পারবে না! ইডি আপনাকে টাচ করতে পারবে না। সময় দিন না ২৪ ঘণ্টা। ইডি-সিবিআই থাক। আমরা শুধু সঙ্গে থাকব। দেখিয়ে দেব কোথা থেকে কী বেরোচ্ছে!”

