একতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২০ সালে ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স সিজন টু’তে সৈনিকের স্ত্রীর সঙ্গে একাধিক ব্যক্তির ঘনিষ্ট দৃশ্য দেখানোর অভিযোগের ভিত্তিতেই একতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগটি করেছেন সাবেক সেনা সদস্য শম্ভু কুমার।

জানা গেছে, ওই ওয়েব সিরিজে সেনা ও তার পরিবারের সদস্যদের আঘাতের অভিযোগে বলিউড পরিচালক ও প্রযোজক একতা কাপুর ও তার মা শোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিহারের বেগুসরাইয়ের আদালত।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

অভিযোগকারী জানান, একজন সেনা হিসেবে দৃশ্যগুলো তার ভাবাবেগে আঘাত করেছে। এই ব্যাপারে শম্ভু কুমারের আইনজীবী হৃষিকেশ পাঠক জানান, সিরিজটি ‘অল্টবালাজি’ নামের ওটিটি প্লাটফর্মে সম্প্রচার করা হয়েছিল। যা একতা কাপুরের বালাজি টেলিফিল্মের মালিকানাধীন। তাছাড়া শোভা কাপুরও বালাজি টেলিফিল্মের সঙ্গে যুক্ত।

তিনি আরও জানান, আদালত তাদের (কাপুদের) বিরুদ্ধে সমন জারি করেছিলেন এবং বিষয়টি নিয়ে হাজিরও হতে বলেছিলেন। তারা জানিয়েছিলেন, আপত্তির পর সিরিজের কিছু দৃশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.