আগামী নির্বাচনেও জনগণ আ.লীগের পক্ষে রায় দেবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপদে থাকা নিশ্চিত হয়েছে। সে কারণেই আগামী নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের পক্ষে রায় দেবে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেখতে হলে চোখ খুলে দেখতে হবে। উন্নয়ন মুখে কিংবা কাগজে বললে তো দেখা যাবে না। একটি মহল দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। তারা কে কী বলল, সেটি কর্ণপাত না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, টিসিবির ১ কোটি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সুলভমূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এতে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। এ ছাড়া ওএমএসের মাধ্যমে সুলভমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.