বিশ্বকাপ-এশিয়া কাপে দাপট দেখাবেন সাকিব : ওয়াটসন

ফের বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে দাপট দেখাবে বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়া তিন ফরম্যাটের ক্রিকেটে বছরের পর বছর ধরে সাকিব আল হাসান যেভাবে পারফর্ম করছেন, তারও প্রশংসা করেছেন এই তারকা।

সম্প্রতি বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলে নেতৃত্বের পরিবর্তন আসে। মুমিনুল হককে সরিয়ে টেস্টের অধিনায়ক করা হয় সাকিবকে। পরে মাহমুদউল্লাহর পরিবর্তে টি-টোয়েন্টি দলনেতা করা হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। এশিয়া কাপেই সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

৩৫ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৩৮৩ ম্যাচ খেলেছেন। যেখানে ১৩ হাজারের বেশি রান করেছেন, উইকেট নিয়েছেন ৬৩১টি।

আইসিসি রিভিউয়ে সোমবার ওয়াটসন কথা বলেছেন সাকিবকে নিয়ে। তার মতে, ‘অবশ্যই! সাকিবের মানের একজন নেতা পাওয়া, আমি মনে করি এটি তাদের (বাংলাদেশ দল) নতুন করে উজ্জীবিত করবে। সে অনেক অভিজ্ঞ। অনেক ম্যাচে সে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগেও অধিনায়কত্ব করেছে, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।’

এর আগে ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সাকিব। ৮ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন ৮৬.৫৭ গড়ে। উইকেট ছিল ১১টি। ওয়ানডে বিশ্বকাপে এমন দাপট এর আগে কোনো ক্রিকেটারই দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, ‘চাপের মুখে তার সিদ্ধান্তগুলো দলের জন্য অনেক মূল্যবান হবে। তার নিজেকে প্রমাণের একটা বিষয়ও আছে। আর বিশ্বমানের একজন ক্রিকেটারের যদি নিজেকে প্রমাণ করার থাকে এবং সফল হওয়ার দৃঢ়তা থাকে, তাহলে ওই ক্রিকেটার দাপুটে পারফরম্যান্স করে। সেই দৃষ্টিকোণ থেকে, সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে রাজত্ব না করলে আমি খুব অবাকই হব।’

‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, অলরাউন্ডারের কাজটা খুব চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলবেন তখন নিজের যত্ন নিতে হয় এবং শক্তি সংরক্ষণ করতে হয়। আর ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়। সাকিব ঠিক এটিই করেছে। অনেক কঠিন। বাইরে থেকে মনে হতে পারে একজন স্পিনিং অলরাউন্ডার, বাঁহাতি স্পিনারকে হয়তো খুব বেশি শারীরিক পরিশ্রম করতে হয় না। কিন্তু উপমহাদেশের কন্ডিশনে সে অনেক বোলিং করছে। এরপর আবার দলের ব্যাটিং লাইনআপেও মূল ভূমিকা পালন করছে।’-যোগ করেন ওয়াটসন।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে খেলা সাকিবকে বিশেষ কিছুই মনে করেন ওয়াটসন। বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুগ, ‘তাকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিশেষ কিছু। যেভাবে খেলার পরিমাণ বাড়ছে, সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও আছে, আগামীতে সাকিবের মতো সফলভাবে কাউকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিরল ব্যাপার হবে। ৩৫ বছর বয়সে প্রায় তিন ফরম্যাটেই ৩০ এর ওপরে ব্যাটিং গড় আর ৩০ এর নিচে বোলিং গড়ে ১৫ বছর ধরে বল করে যাওয়া বিশেষ কিছু।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.