আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় মানুষের দ্বারপ্রান্তে তাৎক্ষণিক মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সেবা পৌঁছে দিতে কল সেন্টার চালু করা হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার (৫ জুন) রাজধানীর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় থেকে ই-সেবা কার্যক্রম চালুকরণ প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ সেবা কল সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম।
তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর সংযুক্ত হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যেকোনো ব্যক্তি তার প্রয়োজনে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এই ই-সেবা শুরু করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রানিসম্পদ ও মৎস্য খাতে শুধু সমৃদ্ধি নয় গুনগত মানের পরিবর্তনও তাদের লক্ষ্য। এ খাতকে আরো সমৃদ্ধ করতে চান তারা। কোন খামারি প্রতিকূল অবস্থার মুখোমুখি হলে তাৎক্ষণিক সুবিধা প্রদান করার জন্য এ কল সেন্টার কাজ করবে। যা নিসন্দেহে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আধুনিক স্থানে নিয়ে যেতে বড় অবদান রাখবে।
রেজাউল করিম বলেন, কল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর সংযুক্ত হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যেকোনো ব্যক্তি তার প্রয়োজনে এখান থেকে সাহায্য নিতে পারবেন। দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কল সেন্টার একটি জরুরি সেবা। এখানে সেবার মনোভাবের পরিবর্তে দায়সারা কোনো কার্যক্রম যাতে কেউ না করতে পারে সে দিকে লক্ষ্য রাখা হবে। এভাবে ডিজিটালাইজেশনের ধারা অব্যাহত রেখে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আমূল পরিবর্তন আনা সম্ভব।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মো. তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক পুলকেশ মণ্ডলসহ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

