আরও একটি মৃত্যুশূন্য দিন, নতুন শনাক্ত ৭

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জনে। আর করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন।

গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে এক হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। মহামারি শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সারা দেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের খবর জানানো হয়। এদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.