জেব্রা বাঘের পর সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার এক সিংহীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আফ্রিকান সাফারি জোনে অসুস্থ এ সিংহীর মৃত্যু হয়। এটির বয়স হয়েছিল আনুমানিক ১১ বছর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘ মারা যায়।

দীপংকর বর জানান, গত বছরের ১১আগস্ট সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। সিংহীর পেটের নিচে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণও দেখা যায়। অসুস্থতা শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিতভাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলমের পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারি অফিসার চিকিৎসা দিচ্ছিল।

গতকাল বুধবার বিকেলে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। এ সময় পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে আগের মতোই শ্বাসকষ্ট শুরু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.