স্বাধীনতা বিরোধীদের নিয়েই বিএনপির রাজনীতি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।

সোমবার (৩ জানুয়ারি) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা। জনগণ কী চায়, কী চায় না, তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয়।

সরকারের নাকি পতন ঘণ্টা বেজে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে, বহু আগেই জনগণ তাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে, তা তারা শুনতে পায় না। আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘণ্টা বাজেনি?

বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে। বিএনপির বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা তো নয়ই বরং সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কি? বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.