আন্দোলন চালিয়ে যেতে শপথ নিলেন শাবির ছাত্ররা

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে শপথ গ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই শপথ পাঠ করেন মোহাইমিনুল বাশার রাজ। এ সময় শিক্ষার্থীরা তার সাথে সাথে শপথ পাঠ করেন।

শপথ হিসেবে তারা বলেন, আমি শপথ করছি যে, স্বৈরাচারী ফরিদ উদ্দিনের পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখবো। অনশনরত ভাই বোনদের এতদিনের অকুতোভয় সংগ্রামের অনুপ্রেরণা বুকে ধারণ করে আরও দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। তবে এই দুর্বিষহ যন্ত্রণা আমরা বৃথা যেতে দিবো না। দিন হউক রাত হউক আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাবো না, আমরা আমাদের একদফা দাবি আদায় করেই তবে ঘরে ফিরবে।

শপথ বাক্য পাঠ করার পর শিক্ষার্থীরা তাদের অনশনরতদের অনশন ভাঙ্গানোর জন্য আসেন। এ সময় সবাই সম্মিলিতভাবে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার জন্য অনুরোধ করেন এবং অনশনরতদের উপস্থিত শিক্ষার্থীরা জানান দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবে কিন্তু শারীরিক অবস্থার বিষয় বিবেচনা করে তারা যেন অনশন ভাঙ্গেন। পরবর্তীতে অনশনরতরা অন্যান্য শিক্ষার্থীদের কাছে কিছু সময় চান।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন ভাঙার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.