দেশের মানুষ এখনও স্বাধিনতার সুফল পায়নি সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। যে মানুষের করের টাকায় দেশ চলে তাদের এই দুরাবস্থা কেন? মানুষের কথা ভাবার সময় ওদের নেই, লুটপাট আর পাচার নিয়ে ওরা ব্যস্ত। নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে বিনা টাকায় সমস্ত চিকিৎসা পাবেন গরিব মানুষ। প্রথম বছর থেকেই ৬ কোটি দরিদ্র মানুষের প্রত্যেককে মাসিক এক হাজার করে কল্যাণভাতা দেবো আমরা। দেশের মানুষকে আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও কাজ দেওয়ার দায়িত্ব সরকার। নাগরিক ঐক্য সরকার তাইই করবে। বেকারত্ব দূর করা দেশবাসীর কাছে নাগরিক ঐক্যের প্রধান কমিটমেন্টগুলোর একটি। আমরা কোনো বাগাড়ম্বর করছি না। এসব কাজ করার মতো টাকা কীভাবে পাওয়া যাবে সেই হিসাব আমাদের আছে। দুর্নীতি, লুটপাট, পাচার দূর করলে, মানুষকে দক্ষ করে কাজে লাগালে, সুপরিকল্পিতভাবে উৎপাদনমুখী কার্যক্রম নিয়ে এই অর্থ আমরা যোগান দিতে পারি।
আজ শুক্রবার বিকাল ৪টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নাগরিক ঐক্যের কল্যাণরাষ্ট্র ভাবনা নিয়ে নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে করা এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব বলেন। সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুষ্টিয়া জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব এবাদত আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ। মো: হাবিবুর রহমান বাবলুকে সভাপতি, মো: মোকলেসুর রহমান মুরাদকে জ্যাষ্ঠ সভাপতি, ও মো: মনিরুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক করে কুমারখালী উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা দেন ও গণমাধ্যমকর্মীদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি জনাব মীর আল আরেফিন বাবু। উপস্থিত সাংবাদিকদের মধ্যে অনেকেই ‘কল্যাণরাষ্ট্র ভাবনা’ বিষয়ে সুনির্দিষ্ট বিভিন্ন পয়েন্টে জানতে চান এবং উপস্থিত নেতৃবৃন্দ সেগুলোর জবাব দেন।

