বগুড়ার শিবগঞ্জ থেকে স্কুল পড়ুয়া দুই স্কুলছাত্র সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা হলো- বগুড়া শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্র জুলকার নাইন (১৪) ও শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাফিউল ইসলাম (১৪)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় জুলকারের বাবা জহুরুল ইসলাম ও রাফিউলের নানা সেকেন্দার আলী গতকাল সোমবার দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ জুলকার নাইনের মামা ও রাফিউলের ভাই স্কুল শিক্ষক আবু ইউসুফ বলেন, ‘গত ২২ ডিসেম্বর স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল উঠানোর জন্য তারা একসঙ্গে বের হয়েছিলেন। এরপর আর কেউ বাড়ি আসেনি। তারা রাফিউলের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারেন, জুলকারের ও রাফিউল ফলাফলও উঠিয়েছে। তাদের দুজনের ফলাফল ভালো। বাড়িতেও কারও সঙ্গে কোনো বিষয়ে মন খারাপ হয়নি। নিজেরা কোথায় চলে গিয়েছে এমন সম্ভাবনা খুবই কম।’
আবু ইউসুফ আরও বলেন, ‘কয়েকটি ফেসবুক গ্রুপে আমার ভাই ও ভাগ্নের সন্ধান চেয়ে আমার মুঠোফোন নম্বর দিয়ে খোঁজ চেয়েছি। গতকাল সোমবার রাতে একটি ইমো নম্বর থেকে রাত পৌনে ১১টায় ভয়েস ম্যাসেজ আসে। সেখানে বলা হয় “ছেলে দুটোকে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন”। পরে আমরা ইমো কলে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে কথা বলি। তিনি জানিয়েছেন, আজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে এখনও যোগাযোগ করেননি।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার তারা অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে ছাত্র দুজনের সন্ধান দ্রুতই পাওয়া যাবে।

