নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পৃথক অভিনন্দন বার্তা দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া টাইগারদের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
এর আগে গত ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি প্রথম খেলাটিতে জয়লাভ করে। এর এক দিন পর ৩ সেপ্টেম্বরের দ্বিতীয় খেলায় টাইগাররা ৪ রানে নিউজিল্যান্ডকে হারায়। তৃতীয় খেলায় অবশ্য টাইগাররা ৫২ রানে হেরে যায়। কিন্তু অদম্য টাইগাররা আজ চতুর্থ খেলায় তাদের নৈপুণ্য প্রদর্শন করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইউকেটে জয়লাভ করে সিরিজ জয়ের মালাটি ছিনিয়ে নেয়। অবশিষ্ট পঞ্চম খেলাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচের এই আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলার স্বাগতিক দেশ বাংলাদেশ।

