মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে আজ

নভেল করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। একই সঙ্গে আজ থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

এ ছাড়াও আগামী ১৪ আগস্ট থেকে সারা দেশে আবশ্যিকভাবে চীনের তৈরি সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারা দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

গত ১২ জুলাই দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় ১৪ জুলাই থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.