চাচার পর এবার ভাতিজি!

বলিউডের গুণী নির্মাতা-প্রযোজক করন জোহর। বলিউডের অনেক তারকা সন্তানের বড় পর্দায় অভিষেক হয়েছে তার হাত ধরে। ২০১২ সালে ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ানের অভিষেক ঘটে এই নির্মাতার কল‌্যাণেই। এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন বরুণের ভাতিজি অঞ্জনি ধাওয়ান।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, করন জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বরুণ ধাওয়ানের ভাতিজি অঞ্জনি ধাওয়ানের। বর্তমানে নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন তিনি।

একটি সূত্র বলিউড লাইফ ডটকমকে জানিয়েছে, বলিউডে পা রাখার জন‌্য অঞ্জনি ধাওয়ান পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। এজন‌্য কত্থক ক্লাসিক‌্যাল, ওয়েস্টার্ন নাচে প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ‌্যে চার-পাঁচটি সিনেমার চিত্রনাট‌্য পড়েছেন অঞ্জনি। কিন্তু কোনোটিই ফিরিয়ে দেননি। চাচা বরুণ ধাওয়ানের মতো করন জোহরের হাত ধরে ধর্মা প্রোডাকশনের ব‌্যানারে বলিউডে পা রাখতে যাচ্ছেন। এ সমস্ত সম্ভাবনার বাস্তবায়ন ২০২২ সাল কিংবা ২০২৩ সালের শুরুতে দেখা যাবে।

এখনো বলিউড অভিষেক না হলেও সোশ‌্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় অঞ্জনি। এই মাধ‌্যমে নিয়মিত সরব থাকেন তিনি। ছবি পোস্টের পাশাপাশি নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। এরই মধ‌্যে ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ অনুসারী রয়েছে অঞ্জনির।

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ‌্য ইয়ার’ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হয় বরুণ ধাওয়ানের। এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ‌্য চলচ্চিত্র হলো—‘দৃশ‌্যম’, ‘বদরিনাথ কি দুলহানিয়া’, ‘বাদলাপুর’, ‘এবিসিডি ২’, ‘যোদ্ধা ২’ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.