অ্যাসাইনমেন্ট মনিটরিংয়ে মাউশির নতুন নির্দেশনা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ এর পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মনিটরিংয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত আলাদা দুটি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, এসএস-এইচএসসি পরীক্ষা ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বর্ণিত নির্দেশনা পত্রের আলোকে মাঠ পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিনে নিবিড়ভাবে মনিটরিংয় করার লক্ষ্যে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নেতৃত্বে “অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি” নামে একটি কমিটি গঠন করবেন।

উক্ত কমিটির করণীয় সম্পর্কে বলা হয়েছে-

১. সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করবে।

২. শিক্ষার্থীরা যেন কোনোভাবেই অ্যাসাইনমেন্ট নকল বা কোনো প্রকারের অসদুপায় অবলম্বন না করে সে বিষয়টি নিশ্চিত করবে। কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টে নকল করেছে বলে জানা গেলে তবে তা বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে। বিষয়টির যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও শিক্ষার্থীকে সতর্ক করবে।

৩. শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্ট নিজ হাতে লিখে জমা দেয় সে বিষয়টি নিশ্চিত করবেন।

৪. নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্টগুলো শিক্ষক কর্তৃক যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ ও নম্বর সঠিকভাবে এক্সেল শিটে এন্ট্রি করা হচ্ছে কি না তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

৫. বর্ণিত কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকর করার লক্ষ্যে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন।

৬. অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা হতে সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৭. ওপরে উল্লেখিত নির্দেশাবলী চলমান কোভিড-১৯ অতিমারির কারণে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধিকে যথাযথভাবে মেনে চলতে হবে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এসএসসির ক্ষেত্রে প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় বন্ধের মেয়াদ বাড়িয়ে তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.